জামালপুরের ৫ আসনেই জয়ের পথে বিএনপি

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচনেই সব কটি আসনে একযোগে জয় পায়নি বিএনপি; এমনকি ২০০১ সালের জোয়ারেও দুটি আসন হাতছাড়া হয়েছিল। তবে এবার ‘আওয়ামী লীগ অধ্যুষিত’ হিসেবে পরিচিত এই জেলায় ক্লিন সুইপ করার পথে দলটি।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সুবিধাজনক অবস্থানে রয়েছেন। জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও ভোটারদের মতে মিল্লাতই শেষ হাসি হাসবেন। জাতীয় পার্টির প্রার্থী মাঠে থাকলেও তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছেন না।
জামালপুর-২ (ইসলামপুর): সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু এখানে ধানের শীষের কাণ্ডারি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জামায়াতের সামিউল হক ফারুকী। স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেছ খান প্রতীক জটিলতায় মাঠের বাইরে থাকায় লড়াই মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ। তবে অভিজ্ঞতার নিরিখে বাবুর পাল্লাই ভারী।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত টানা আটবারের সংসদ সদস্য মির্জা আজমের অনুপস্থিতিতে এখানে বিএনপির মোস্তাফিজর রহমান বাবুল অনেকটা চ্যালেঞ্জহীন অবস্থানে। ৯ জন প্রার্থী এই আসনে থাকলেও জামায়াতের মজিবুর রহমান আজাদী ছাড়া আর কেউ বাবুলের জয়ের পথে বাধা হতে পারবেন না বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
জামালপুর-৪ (সরিষাবাড়ী): বিএনপির দুর্গ হিসেবে পরিচিত সরিষাবাড়ীতে এবার ধানের শীষ নিয়ে লড়ছেন জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এখানে জামায়াতের আব্দুল আওয়ালের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় ভোটারদের মতে, শামীম অনেকটা নির্ভার হয়েই জয়ের পথে এগিয়ে যাচ্ছেন।
জামালপুর-৫ (সদর): জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে লড়ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি ভোটারের এই আসনে মামুনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির মুহাম্মদ আব্দুস সাত্তার। তবে সাংগঠনিক তৎপরতা ও গণসংযোগে মামুনই সবচেয়ে এগিয়ে।
লড়াই এখন বিএনপি বনাম জামায়াত, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ নির্বাচনী মাঠের বাইরে থাকায় এবার জামালপুরের সব কটি আসনেই বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। তবে তৃণমূলের জনমত ও সাংগঠনিক শক্তির বিচারে এবারের নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনেই বিএনপি এখন পর্যন্ত এগিয়ে।
ভোরের আকাশ/ র.ই