রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাবেয়া খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় সরোয়ার জাহান সাগর নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ অক্টোবর তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে রূপগঞ্জের জলসিঁড়ি আবাসনের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর রোডের পাশের একটি ঝোপ থেকে রাবেয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভোলা জেলার বাসিন্দা। পরিবার নিয়ে উপজেলার নাওড়া এলাকায় বসবাস করতেন। জলসিঁড়ি আবাসনের একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকদের রান্নার কাজ করতেন তিনি।
পুলিশ জানায়, গত ৪ তারিখ সন্ধ্যায় রান্নার কাজে যাওয়ার পর রাবেয়া আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে শাহীন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসআই ফাহিম ফয়সলের নেতৃত্বে তদন্তকারী দল ভিডিও ক্লিপ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সরোয়ার জাহান সাগরকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ঘটনার দিন রাবেয়া খাতুনকে অনুসরণ করে আসামি তাকে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে এবং পরে মুখ ও গলায় কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করে। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.