চান্দিনায় ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে ৯০ বছর বয়সী এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি তিনি হৃদ্রোগেও আক্রান্ত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
হাজী মনিরুল ইসলাম ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে হাজী মনিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা