আধুনিকায়ন হচ্ছে জেমিসন রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিট

রোগীদের জন্য আরও উন্নত, সাশ্রয়ী ও মানসম্মত দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে চিকিৎসাসেবার মান আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, জেমিসন ডেন্টাল ইউনিটকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যেই এ উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কম খরচে সহজেই উন্নতমানের দন্ত চিকিৎসা নিতে পারেন, বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি জেমিসন রেড ক্রিসেন্টকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, ডেন্টাল ইউনিটের অবকাঠামোগত সম্প্রসারণ ও আধুনিকায়নের ফলে রোগীরা আগের তুলনায় আরও উন্নত ও কার্যকর চিকিৎসাসেবা পাবেন।
তিনি বলেন, শুধু ভবন বা যন্ত্রপাতির উন্নয়নই এ কার্যক্রমের উদ্দেশ্য নয়; রোগীদের সন্তুষ্টি ও সেবার গুণগত মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে জেমিসন ডেন্টাল ইউনিটকে একটি আধুনিক ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেন্টাল ইউনিটের এই আধুনিকায়ন জেলা রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে। চিকিৎসা সুবিধা বাড়ানোর পাশাপাশি রোগীদের জন্য পরিচ্ছন্ন, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের মানবিক সেবার ধারাবাহিকতায় সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম চালু রাখা হবে।
অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দীন চৌধুরী, ডা. ইফতেখার মোহাম্মদ আদনান ও কে এম ইমরান এমিস উপস্থিত ছিলেন। এছাড়া সিএমও ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
মতবিনিময় সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবার পরিস্থিতি, সেবার পরিধি বাড়ানো, রোগীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আধুনিক চিকিৎসাব্যবস্থা চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও সম্ভাব্য উদ্যোগ নিয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।
চিকিৎসক ও সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতারা।
ভোরের আকাশ/সু.পা