মীরসরাইয়ে ট্রেন–ট্রাক সংঘর্ষে বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক

মীরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় ঢাকা–চট্টগ্রাম ও চট্টগ্রাম–সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়তাকিয়া ও চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অরক্ষিত একটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় লাইনে উঠে আসা বালুবাহী ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে।
সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর কাত হয়ে পড়ে যায়। তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় বড় ধরনের কোনো হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–চট্টগ্রাম ও চট্টগ্রাম–সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। এর মধ্যে চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস ফেনী স্টেশনে আটকে যায়।
পরবর্তীতে রেলওয়ের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে রেললাইন পরিষ্কার করেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকামুখী লাইন সচল করা হলে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে। পরে ডাউন লাইনও সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। দ্রুত উদ্ধার কাজের মাধ্যমে প্রায় দুই ঘণ্টার মধ্যে লাইন সচল করা সম্ভব হয়। বর্তমানে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান জানান, অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রাক উঠে আসায় এই সংঘর্ষ ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।
ভোরের আকাশ/ র.ই