অবকাঠামো প্রকল্পে পরিবেশ ও ভারসাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : চউক চেয়ারম্যান

চট্টগ্রাম মহানগরীতে প্রস্তাবিত মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার চউকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রামের নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত কাঠামোর মধ্যে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে একটি সমন্বিত ট্রাফিক মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য ডিটিসিএ চউকের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি সহযোগিতা কামনা করে।
সভায় বক্তারা নগর পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী হওয়ায় যেকোনো অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়া উচিত। তিনি নাগরিক সুবিধা নিশ্চিত করতে টেকসই ও পরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
ডিটিসিএ’র নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, মনোরেল প্রকল্পকে অর্থনৈতিকভাবে টেকসই করতে উন্নত বিশ্বের মতো ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ব্যবস্থার সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন যুক্ত করা গেলে প্রকল্প বাস্তবায়নে সরকারি ভর্তুকির প্রয়োজন কমে আসতে পারে।
সভায় ডিটিসিএ এবং চউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নগর পরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও অবকাঠামো পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
ভোরের আকাশ/ র.ই