সিরাজগঞ্জে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা স্বামী-স্ত্রী আটক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার চেষ্টা করতে গিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রোকেয়া বেগম ও মো. আনিস (৪০) নামে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তারা একে অপরে স্বামী-স্ত্রী পরিচয় দেয়।
এঘটনায় দুই রোহিঙ্গার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভূয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে ইউএনও কার্যালয়ে এক যুবক এসে নিজেকে রোকেয়ার স্বামী হিসেবে পরিচয় দেন। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, আটককৃত দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, দুই রোহিঙ্গা আটক হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/জাআ