নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের লিঙ্ক রোড অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে এসে তা অবরোধ করেন। এর আগে সকাল সাড়ে এগারোটায় সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় শ্রমিকরা জড়ো হন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরিতে জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে তাঁরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রাস্তায় নেমেছেন। ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ডাইংসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।
পরিস্থিতি সম্পর্কে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা খবর পেয়েছি এবং সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/সু.পা