কমলনগরে অবৈধভাবে দখল উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের উত্তরে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২৬) সকাল ১১টার দিকে এই ঝটিকা ও সাহসী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
কমলনগর উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাদুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তোরাবগঞ্জ বাজারের উত্তর মাথায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক ঘেঁষা ও জিয়ার খালের পাড়ে পাউবোর প্রায় ৫ কোটি টাকা মূল্যের জমি জবরদখল করে ১০টি রুমবিশিষ্ট বিশাল এই মার্কেট নির্মাণ করছেন স্থানীয় তোরাবগঞ্জ বাজারের মাংস ব্যবসায়ী ‘কসাই বাহার’।
সাম্প্রতিক সময়ে খাল খননের পর খালের পাড় ও প্রধান সড়কের পাশের এই খালি জায়গা দখল করে ঘর নির্মাণের উৎসব শুরু হয়। এর আগেও সেখানে কয়েকটি ঘর নির্মাণ করা হয়েছিল, সব মিলিয়ে প্রায় ২০টি ঘর নির্মাণ করছেন এই প্রভাবশালী ব্যবসায়ী। অভিযুক্ত মো. বাহার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তোফায়েল কসাইয়ের ছেলে।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে এক অবৈধ দখলদার আহত হয় । তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “যেখানে যেখানে অবৈধ দখল রয়েছে, সেগুলো সবই আমরা উচ্ছেদ করব। জোর করে কেউ সরকারি জায়গা দখল করতে পারবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।”
উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. আব্দুর রহিমসহ পাউবোর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও সরকারি সম্পত্তি অবৈধ দখলের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা