টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক শরীফা হক।
পরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কথা তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ইউএম