দাগনভূঞায় পূর্বশত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ১

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হামলায় শাহমীর (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহমীর মধ্যম লক্ষ্মীপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাস্টার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর মধ্যমপাড়া জামে মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর পূর্বশত্রুতার জেরে শাহমীরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় মনসুরের নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, শাহমীরের চাচা একরামুলের পক্ষ নিয়ে হামলাটি চালানো হয়েছে। উভয় পক্ষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে।
ঘটনার পর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের নির্দেশে কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দীন ঘটনাস্থলে যান। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আশঙ্কাজনক অবস্থায় শাহমীরকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হামলায় নেতৃত্ব দেওয়া মনসুর ফেনীর এসএসকে রোডে হায়দার ক্লিনিকের পাশে আম্বিয়া মেডিকেল হলের মালিক। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা