চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় ফল বিক্রেতার বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতার বুকে চাকু ঢুকিয়ে হত্যা করেছে পার্শ্ববর্তী এক সবজি ব্যবসায়ী।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গার মুচি বটতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলায় ফুটপাতে ভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানো বা অন্য কোনো তুচ্ছ বিষয় নিয়ে সবজি বিক্রেতার সঙ্গে ফল বিক্রেতা মধুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে উত্তেজিত সবজি বিক্রেতা কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধুর বুকে ঢুকিয়ে দেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মধুর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ফুটপাতে সবজি ও ফল বিক্রেতার মধ্যকার বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই বিস্তারিত তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব