মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা
জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। একই সঙ্গে গ্রেপ্তার আসামিদের স্বজনদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে পরিবারটি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালি এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে পুলিশ গ্রেপ্তার করলেও সরাসরি গুলি চালানো শুটার এখনো গ্রেপ্তার হয়নি। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, গ্রেপ্তার আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজনেরা বিভিন্নভাবে নিহতের পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি মামলা তুলে নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
সংবাদ সম্মেলনে স্বজনেরা আরও বলেন, সাকেরের বিরুদ্ধে স্বর্ণ ডাকাতির অভিযোগ থাকলে পুলিশ তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করতে পারত। কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে স্বর্ণ ডাকাতির বিষয়টি যুক্ত করে পুলিশ কী বোঝাতে চাইছে, তা তাদের বোধগম্য নয়।
এ সময় পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শুটারসহ পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এর আগে গত ৪ নভেম্বর দুপুরে মাগুরা পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় একটি যাত্রীবাহী পরিবহন থেকে পুলিশ পরিচয়ে ১৫০ ভরি স্বর্ণ, যার আনুমানিক মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা, এবং নগদ ৬০ হাজার টাকা লুট করে ১২ থেকে ১৫ জনের একটি দল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে লুণ্ঠিত স্বর্ণ ও টাকা ভাগাভাগি নিয়ে মারুফ ও সাকেরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মারুফের পরিকল্পনায় গত ২১ অক্টোবর মাগুরা পৌর বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কর্মরত অবস্থায় সাকেরকে গুলি করে হত্যা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে পৃথক দুটি মামলার তদন্তে স্বর্ণ ডাকাতির ঘটনায় সাতজন এবং হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ সময় পাঁচটি পূর্ণাঙ্গ ও একটি খণ্ডিত স্বর্ণের বার, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার, গুলি ও খালি কার্তুজ উদ্ধার করা হয়।
হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রনি শিকদার (৩৮), শামীমা তাবাসসুম (৩১), অনিমেষ মজুমদার (৫৫), মো. মারুফ হোসেন (৪৪), মো. গোলাম জাহিদ (৪৫) ও বশির আলী।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটারকে শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর মাগুরা পৌর বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন্নাহার রুমা বাদী হয়ে মাগুরা সদর থানায় পেনাল কোড ও অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি থানার মামলা নম্বর ৪৯।
ভোরের আকাশ/সু.পা