সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে ফুলপুরে বিক্ষোভ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে বিতর্কিত ব্যক্তিকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। তাঁরা ওই নিয়োগ বাতিল করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ডে ‘ভাইটকান্দি ইউনিয়নের সর্বস্তরের কৃষক ও জনগণ’-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি শাহ সালাউদ্দিন, ছাইদুর রহমান, আলী আজগর, আব্দুর রহমান, মাহবুব রহমান ও আব্দুস সালামসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, মেসার্স সাদিকা ট্রেডার্সের মালিক মো. সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ-সমর্থিত এবং বিগত সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন। তাঁদের দাবি, এমন একজন ব্যক্তিকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে অবিলম্বে এ নিয়োগ বাতিল করে পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন শেষে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ভোরের আকাশ/জেআ