পৃথক অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার (২২ মে) র্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদক নির্মূলে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর ভূইঘর গিরিধারা এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- শাহাবুদ্দিন (৪২), তিনি ফতুল্লা থানার শৈলকুড়া এলাকার বাসিন্দা এবং মো. সুমন মিয়া (৩৫), তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এদিকে একই দিন রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অপস অফিসার মো. রওনক এরফান খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম