উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারের অভিযান, মাদকদ্রব্যসহ আটক ১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাকে মাদকমুক্ত রাখতে আনসার বাহিনীর বিশেষ অভিযানে এক মাদকসেবীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোপালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনগুলোতে মাদকসেবীদের আনাগোনা দেখা যাচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন আনসার বাহিনীর পিসি মো. মফিজ উদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন আনসার সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. আমিরুল ইসলাম ও মো. জাকির হোসেন। অভিযানের সময় পরিত্যক্ত একটি ভবন থেকে মাদকদ্রব্যসহ খাদেমুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক খাদেমুল ইসলাম গোপালপুর উপজেলার সুতী পলাশ গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে।
আনসার সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গোপালপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভোরের আকাশ/জেআ