তরুণদের উদ্ভাবনী শক্তিই অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: ইসমাইল জবিউল্লাহ

মেধাবী শিক্ষার্থীদের শুধু চাকরির প্রত্যাশায় বসে না থেকে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও অর্জিত দক্ষতাকে কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি তরুণদের এমন উদ্যোগ নিতে হবে, যার মাধ্যমে অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করা যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষার্থীদের গুরুত্ব তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, তরুণদের মেধা ও যোগ্যতা কেবল ব্যক্তিগত অর্জনের বিষয় নয়, বরং তা দেশের সামগ্রিক অগ্রগতির গুরুত্বপূর্ণ সম্পদ। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে তরুণেরা নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবেন এবং নতুন শিল্প, প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেবেন।
বিশ্ব অর্থনীতিতে সিঙ্গাপুরের অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটি পরিকল্পিত উন্নয়ন, সুশাসন, শৃঙ্খলা এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছে। বাংলাদেশও এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়নের নতুন ধাপে পৌঁছাতে পারে।
তাঁর মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, প্রযুক্তির যথাযথ ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। অন্য দেশের সাফল্যে অনুপ্রাণিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের তরুণদের নিজেদের অর্জনের দৃষ্টান্ত তৈরি করতে হবে। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে তরুণদের উদ্ভাবনী সক্ষমতা, পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সতর্ক করে ইসমাইল জবিউল্লাহ বলেন, এআই মানুষের কাজকে সহজ করার একটি মাধ্যম; এটি যেন নিজস্ব চিন্তা ও বিচার-বিশ্লেষণের বিকল্প হয়ে না ওঠে। প্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য যাচাই করার দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে স্মার্টফোন ব্যবহারের কারণে বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার অভ্যাস যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন ব্যবসা ও উদ্যোগ গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে তরুণেরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সরকারি সহায়তার সুফল পেতে হলে তরুণদের পরিকল্পিতভাবে এগিয়ে আসতে হবে এবং নিজেদের উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় হতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মনিষ্ঠা ও সময়ানুবর্তিতার উদাহরণ দিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, নেতৃত্বের ক্ষেত্রে শুধু বক্তব্য নয়, বাস্তব কাজই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন নেতার আচরণ, দায়িত্ব পালনের ধরন ও কর্মস্পৃহা অন্যদের অনুপ্রাণিত করতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে দক্ষ পেশাজীবী, সৎ উদ্যোক্তা ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখা, কর প্রদানে দায়িত্বশীল হওয়া এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানসহ অনেকে।
চট্টগ্রাম জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২৬ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা