শেরপুরে যুবদলের নতুন কমিটি

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর উচ্ছ্বাসে শহরে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিউমার্কেট পায়রা চত্বর থেকে শুরু হওয়া মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি শেরপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন করেছে। এতে মো. আতাহারুল ইসলাম আতাকে সভাপতি, মবিনুজ্জামান মিল্টনকে সিনিয়র সহসভাপতি, মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান মানিককে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাশেম আহাম্মেদ সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন কমিটির অনুমোদন দেন।
কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে নিউমার্কেট পায়রা চত্বর থেকে আনন্দ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত জেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় নবনির্বাচিত সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, শেরপুরের যুবদলকে একটি মডেল যুবদল হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত যুবদল গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।
নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের সড়কগুলোতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভোরের আকাশ/ এনউব