নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামী নূরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় নাজু আক্তার হত্যা মামলার আসামি নূরুল আমিনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা পৌরবাসী ও নাজুর স্বজনদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিহত নাজু আক্তারের সাবেক স্বামী নূরুল আমিনের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে। স্বজনদের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে জেলা শহরের বড়বাজারে দেখা করতে গেলে নাজুকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে হত্যা করেন নূরুল আমিন।
স্বজনরা জানান, পরে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দেন নূরুল আমিন। একই সঙ্গে মাটির নিচে পুঁতে রাখা নাজুর মরদেহও বের করে দেন তিনি বলে দাবি করেন তারা। এ ঘটনায় নাজুর পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
রোববার বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, নিহত নাজু আক্তারের বড় বোন নাদিরা আক্তার, ছোট ভাই শুভ, ফুফাতো বোন রুরী আক্তার ও বোনজামাই হারুন অর রশিদসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নাজু আক্তার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। পাশাপাশি মামলার আসামি নূরুল আমিনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একজন নারীকে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের অপরাধে অন্যরা উৎসাহিত হতে পারে। তাই দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে নাজু আক্তার হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং আসামি নূরুল আমিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।
ভোরের আকাশ/সু.পা