শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি

“সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এগ্রিকালচার ইনস্টিটিউট মোড়ে গিয়ে শেষ হয়।
জনসচেতনতামূলক এই কর্মসূচিতে জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, উপপরিচালক (স্থানীয় সরকার) ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা।
এছাড়াও জেলা সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। শুধু প্রশাসনের একার পক্ষে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা।
বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে।
বক্তারা নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত শেরপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ র.ই