শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

আধুনিকতার চাপে বিলুপ্তির পথে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কাঠশিল্প

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

একসময় কাঠের তৈরি খাট-পালঙ্ক, চেয়ার-টেবিল, ঢেঁকি, পিঁড়ি, মসলার বাটা থেকে শুরু করে শিশুদের খেলনা—সংসারের নানা প্রয়োজন মেটাত দারুশিল্পীদের হাতে তৈরি পণ্য। কাঠের গায়ে নিপুণ খোদাইয়ে ফুটে উঠত চাঁদ-তারা, পশুপাখি, লতাপাতা ও প্রকৃতির নানা দৃশ্য। সময়ের পরিবর্তনে প্লাস্টিকের পণ্য ও আধুনিক আসবাবের বিস্তারে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে হারিয়ে যেতে বসেছে কুটিরশিল্পের ঐতিহ্যবাহী এ ধারা।

প্রাচীনকাল থেকেই বাংলার শিল্প-সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে ছিল দারুশিল্প। একসময় কাঠের তৈরি আসবাব ও গৃহস্থালির সামগ্রী ছিল সহজলভ্য এবং প্রয়োজনীয়। খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল, জলচৌকি, পিঁড়ি, কাইল-ছিয়া, ঢেঁকি, মসলার বাটা, তরকারির চামচ, কুপি রাখার দেরগুনা, ভাতের হাতা, ডাল ঘুটনি, কাঠের সরা, কাপড় ধোয়ার চাড়ি ও কলসের ঢাকনার মতো পণ্য তৈরি করতেন দারুশিল্পীরা। শিশুদের জন্য তৈরি হতো কাঠের হাতি, ঘোড়া ও পুতুল।

শুধু প্রয়োজনীয় সামগ্রী তৈরি নয়, কাঠের গায়ে নান্দনিক নকশা ফুটিয়ে তোলার ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছেন বাংলার দারুশিল্পীরা। চাঁদ, তারা, পশুপাখি, লতাপাতা ও প্রকৃতির নানা অনুষঙ্গ খোদাই করে তাঁরা প্রতিটি শিল্পকর্মে তুলে ধরতেন নিজস্ব শৈল্পিক ভাবনা। মানুষের জন্মের পর দোলনা থেকে শুরু করে জীবনের শেষযাত্রা পর্যন্ত নানা প্রয়োজনে কাঠের ব্যবহার ছিল অপরিহার্য।

ইতিহাসের বিভিন্ন যুগেও কাঠ ছিল শিল্পকর্ম তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম। পাল ও সেন যুগে ধাতব ভাস্কর্যের পাশাপাশি কাঠের তৈরি শিল্পকর্মের প্রচলন ছিল। সপ্তদশ থেকে উনবিংশ শতক পর্যন্ত বাংলায় দারুশিল্প নতুনভাবে বিকশিত হয়। বিদেশি বণিকদের যাতায়াতের সূত্র ধরে ইউরোপীয় অলংকরণশৈলী ও নকশার প্রভাব পড়ে এ শিল্পে। বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী নকশার সঙ্গে বিদেশি শৈলীর মিশেলে গড়ে ওঠে নতুন শিল্পধারা।

তৎকালীন জমিদার, নবাব ও বিত্তশালী পরিবারগুলো ইউরোপীয় আদলে তৈরি আসবাবের প্রতি আকৃষ্ট হন। তাঁদের বৈঠকখানা, শয়নকক্ষ ও খাবার ঘরের জন্য তৈরি হতে থাকে বিশেষ নকশার খাট-পালঙ্ক, চেয়ার, টেবিল, আলমারি ও ড্রেসিং টেবিল। এসব আসবাবের নকশায় ভিক্টোরীয় শৈলীর প্রভাব ছিল উল্লেখযোগ্য। পরবর্তী সময়ে উচ্চবিত্তের গণ্ডি ছাড়িয়ে এ ধরনের আসবাবের প্রভাব ছড়িয়ে পড়ে সমাজের অন্যান্য শ্রেণির মধ্যেও।

তবে বিদেশি নকশার প্রভাব বাড়লেও গ্রামবাংলার দারুশিল্পীরা নিজেদের লোকজ শৈলী ধরে রেখেছিলেন। কখনো দেশীয় নকশার সঙ্গে বিদেশি অলংকরণের সমন্বয় ঘটিয়েছেন, আবার কখনো সম্পূর্ণ নিজস্ব ধারায় তৈরি করেছেন বেড়া, খাট, পালঙ্ক, সিন্দুক, ঢেঁকি, পরী, ময়ূর, ঈগল ও সিংহমুখের মতো কারুকাজসমৃদ্ধ শিল্পকর্ম।

১৯৪৭ সালে দেশভাগের পর অনেক সূত্রধর ভারতে চলে যাওয়ায় বাংলাদেশে দারুশিল্পের অগ্রযাত্রা ব্যাহত হয়। পরবর্তী সময়ে এ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা চললেও আর্থসামাজিক বাস্তবতা ও নানা প্রতিকূলতায় আগের মতো বিকাশ ঘটেনি।

সোনারগাঁয়ের সূত্রধর সম্প্রদায়ের কারিগররা একসময় শুধু হাটবাজারে বিক্রির জন্যই কাঠের পণ্য তৈরি করতেন না। সারা বছর তাঁরা বিভিন্ন মেলা ও উৎসবকে কেন্দ্র করে এসব সামগ্রী তৈরি করতেন। বারদীর লোকনাথ ব্রহ্মচারীর উৎসব, হামছাদী পাগলা গাছতলার মেলা, আমিনপুরের বৈয়া গাছতলা, মঙ্গলেরগাঁও বটগাছতলার মেলা ও লাঙ্গলবন্দের অষ্টমীস্নান উৎসবে এসব পণ্যের ব্যাপক চাহিদা ছিল।

সোনারগাঁয়ের এক প্রবীণ দারুশিল্পী অভিযোগ করে বলেন, অসাধু বন কর্মকর্তা ও চোরাকারবারীদের যোগসাজশে বন উজাড় হওয়ায় কাঠের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি কাঠের উচ্চমূল্য, মানুষের রুচির পরিবর্তন ও নানা প্রতিকূলতায় দারুশিল্প এখন বিলুপ্তির পথে।

বর্তমানে এ পেশায় যুক্ত পবন সূত্রধর বলেন, ঐতিহ্যবাহী দারুশিল্প সময়ের সঙ্গে অনেক আধুনিক হয়েছে। শিল্পীরা তাঁদের ভালো লাগা ও সৃজনশীলতাকে নিজস্ব শৈলীতে কাঠের ওপর ফুটিয়ে তোলেন। আসবাবপত্রের পাশাপাশি বাদ্যযন্ত্র, পুতুল, গৃহস্থালির সামগ্রী, গৃহসজ্জার উপকরণ ও ভাস্কর্য তৈরি করেন তাঁরা। একতারা, দোতারা, সারিন্দা ও বিচিত্র বীণার মতো বাদ্যযন্ত্রেও থাকে তাঁদের নান্দনিক কারুকাজ।

তিনি আরও বলেন, কাঠের পণ্য হাতে তৈরি করতে দীর্ঘ সময় ও শ্রমের প্রয়োজন হয়। ফলে উৎপাদন খরচ বেশি হলেও বাজারে সে অনুযায়ী দাম পাওয়া যায় না। অন্যদিকে কাঠের সংকট ও উচ্চমূল্যের কারণে অনেক সূত্রধর কাঠের আসবাব তৈরিতে আগ্রহ হারাচ্ছেন। এসব কারণে কারুকাজসমৃদ্ধ অনেক শিল্পকর্ম হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন

সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা রায়গঞ্জের মানিক

সংশ্লিষ্টদের মতে, প্রাচীনকাল থেকে বিংশ শতক পর্যন্ত বাংলার দারুশিল্পীরা যে অসাধারণ দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের শিল্প-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, সহজে কাঁচামাল সংগ্রহের সুযোগ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

তাঁদের প্রত্যাশা, সরকারি সহায়তায় পণ্যের বাজারজাতকরণ ও বিপণনব্যবস্থার উন্নয়ন করা গেলে সোনারগাঁয়ের দারুশিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এসব পণ্য পৌঁছানোর ব্যবস্থা করা হলে ঐতিহ্যবাহী এ শিল্প নতুন কর্মসংস্থান ও আয়ের সম্ভাবনাও তৈরি করতে পারে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: