বিমানবন্দরে ৩৬ লাখ টাকার সিগারেট জব্দ, আটক তিন যাত্রী

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও আইফোনের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা। পাশাপাশি প্রায় ১৫ লাখ টাকা মূল্যের আইফোনও আটক করা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, সিগারেটের চালান বহনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন যাত্রীকে শনাক্ত করা হয়। তারা হলেন ফেনীর ছাগলনাইয়া এলাকার মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদর এলাকার নুরুল আলম রিয়াদ।
অভিযানে যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা সিগারেট ও অন্যান্য পণ্য ডিটেনশন মেমোরেন্ডামের মাধ্যমে জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে।
তবে আটক তিন যাত্রীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
কাস্টমস সংশ্লিষ্টরা জানিয়েছেন, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী আইনগত প্রক্রিয়া বিধি অনুযায়ী সম্পন্ন করা হবে।
ভোরের আকাশ/এনউব