চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মদের কারখানা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মদ তৈরি পরিচালনা এবং বন্যপ্রাণী শিকারসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুমন চাকমা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে পাহাড় থেকে তাকে আটক করা হয়। এসময় ৩০ লিটার মদ, ৫ লিটারের একটি ডেক্সি, বোতলভরা ৫ লিটার প্রস্তুত মদসহ বড় আকারের মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া মদ বিক্রি সংক্রান্ত হিসাবের খাতা, সরঞ্জাম ও অন্যান্য আলামতও জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গ্রেপ্তার ব্যক্তির সুমন চাকমা (৫০) খাগড়াছড়ি জেলার বাসিন্দা। লিজ নেওয়া বখতিয়ার ফকিরের জমিতে প্রায় ১৫ বছর ধরে বসবাস করছিলেন তিনি। তবে চাষাবাদের আড়ালে তিনি চোলাই মদ তৈরির কারখানা গড়ে তোলেন। এছাড়া পাহাড়ের বন্য প্রাণী শিকার করে আসছেন তিনি। এলাকায় হঠাৎ বহিরাগতদের চলাচল বাড়ায় নজরদারি বাড়ানো। এরপর সোমবার মধ্যরাতে অভিযান চালানো হয়। রাত সাড়ে তিনটায় এ অভিযান শেষ হয়।
এ বিষয়ে চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘অভিযানে সুমন চাকমাসহ এক নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী তার স্ত্রী নন। সুমনকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার জমির ইজারা শিগগিরই বাতিল করা হবে।’
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সুমন চাকমার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে মঙ্গলবার (১ ডিসেম্বর) আদালতে তোলা হবে।
ভোরের আকাশ/মো.আ.