কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সরকার নিরলস ভাবে কাজ করছে : বিমান মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে নতুন বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছেন।
ইতোমধ্যে বেশকিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষে কাজ করা হচ্ছে।
বিমান মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় সুশিক্ষিত করে অর্জিত জ্ঞানের আলোকে দেশ গঠনে তাদের মেধাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সাটুরিয়া উপজেলায় প্রস্তাবিত সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ নির্মাণের সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।
বিমান মন্ত্রী আরো বলেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের শিক্ষার্থীরা অনায়াসে লেখাপড়ার সুযোগ পাবে। অর্জিত জ্ঞানের আলোকে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গাছবাড়ি এবং সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা, তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকায় সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
দুপুরে ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোরহাব হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত পরিবেশ, নিরাপত্তাসহ প্রয়োজনীয় নির্দেশনা বিবেচনা করে অতিসত্বর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের জায়গা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন।
ভোরের আকাশ/র ই