নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মকিদুলের নামে থানায় মাদক, চুরি ও ডাকাতির ১০টি মামলা রয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা আরাফাতকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। মাদকের বিষয়টি তারা এড়িয়ে যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী আরও জানান, আরাফাতের সাথে প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। পূর্ববিরোধ ও মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজনের হাতে আরাফাত মোল্যা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ভোরের আকাশ/ইউএম