রাকাবে শাখা ব্যবস্থাপক হিসেবে ১৫ বছর পূর্ণ, ১৬ বছরে শাহীন আলম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখা ব্যবস্থাপক হিসেবে একটানা ১৫ বছর দায়িত্ব পালন করে ১৬ বছরে পদার্পণ করেছেন নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শাহীন আলম পোস্টে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) শাখা ব্যবস্থাপক হিসেবে সফলতার সঙ্গে ১৫টি বছর পূর্ণ করে আজ ১৬ বছরে পদার্পণ করলাম।’
শাহীন আলম বলেন, ব্যাংকিং সেবার মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের পাশে থাকার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। ১৫ বছরের পথচলা সহজ ছিল না। তবে এ সময়ে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্য তাকে আনন্দ ও গর্বিত করেছে।
নিজের কর্মজীবনে পিতামাতার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সৃষ্টিকর্তার রহমতের পাশাপাশি পিতামাতার চেষ্টা, দোয়া ও ভালোবাসার কারণেই তিনি আজকের অবস্থানে আসতে পেরেছেন। তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
কর্মজীবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতার কথাও উল্লেখ করেন শাহীন আলম। তিনি জানান, ১৫ বছরের ব্যবস্থাপনা জীবনে সরাসরি নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে ১৫ জন জোনাল ব্যবস্থাপক তাকে দিকনির্দেশনা দিয়েছেন। তাদের স্নেহ, শাসন ও পরামর্শ তাকে সঠিকভাবে দায়িত্ব পালনে সহায়তা করেছে এবং দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে উঠতে ভূমিকা রেখেছে।
সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে পাঁচটি শাখার সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম, আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার মাধ্যমে কঠিন কাজগুলোকে সহজ করে তুলেছেন। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সহকর্মীদের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার কথাও স্মরণ করেন তিনি।
গ্রাহকদের আস্থাকেও নিজের দীর্ঘ পথচলার অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেছেন শাহীন আলম। তিনি বলেন, গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার কারণেই এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে।
কর্মজীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে শাহীন আলম আগামী দিনগুলোতেও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
ফেসবুক পোস্টের শেষাংশে দীর্ঘ কর্মজীবনের এই পথচলায় পাশে থাকা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।