লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি : শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় এক স্কুলশিক্ষককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের পর ওই শিক্ষকের পরিবারের কাছে প্রথমে ৩০ লাখ টাকা দাবি করা হলেও পরে তা কমিয়ে ১০ লাখ টাকা করা হয়। সোমবার (২ নভেম্বর) সাতকানিয়ার কেরানীরহাট এলাকা থেকে অপহৃত শিক্ষক স্বরূপ কান্তি দাশকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সী পাড়ার মো. রফিক উদ্দিন (৫৩) ও একই ইউনিয়নের আলী সিকদার পাড়ার নেজাম উদ্দিন (৪৮)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, স্বরূপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রতিদিনের মতো রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি।
সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে ফোন করে অপহরণের বিষয়টি জানায়। স্বামীকে জীবিত ফিরে পেতে বিকেল ৩টার মধ্যে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে অপহরণকারীরা ফোনে শিক্ষককে মারধর করে তাঁর কান্নার শব্দও স্ত্রীকে শোনায়।
দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা মুক্তিপণের পরিমাণ কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে। ওই টাকা নিয়ে শিক্ষকের স্ত্রীকে সাতকানিয়ার কেরানীরহাট গোলচত্বরে যেতে বলা হয়।
এ ঘটনায় খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষকের অবস্থান শনাক্ত করে কেরানীরহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিক্ষককে উদ্ধার ও অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক ও তিনটি কার্টিজ পেপার উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন আগে স্বরূপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তাঁদের সঙ্গে শিক্ষকের লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তাঁকে অপহরণ করা হয় বলে তাঁরা পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় সোমবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম। এ সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ও ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। অপহরণের খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে শিক্ষককে উদ্ধারের ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/সু.পা