প্রধানমন্ত্রীর সফর ও দুর্গোৎসব ঘিরে কঠোর নিরাপত্তাবলয় চট্টগ্রামে

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ তথ্য জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে সামনে রেখে নির্ধারিত প্রটোকল অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে দায়িত্ব পালনে সমন্বিতভাবে কাজ করার ব্যবস্থা করা হয়েছে।
পূজা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে হাসান মো. শওকত আলী বলেন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রয়েছে। সিএমপির পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন রাখা এবং প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করছেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়া এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, উৎসব ও প্রধানমন্ত্রীর সফর—দুই ক্ষেত্রেই নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব