পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নেমে আপন দুই ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮), মেয়ে আফিয়া খাতুন (৬) এবং শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠের আবাদি জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নামে খালিদ, আফিয়া ও সুমি। গোসলের একপর্যায়ে জমির পাশের খালের পানিতে ডুবে যায় তিন শিশু।
দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালে একটি শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে স্বজনরা পানিতে নামেন। পরে খাল থেকে আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দাশপাড়া গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা