রায়গঞ্জে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী থেকে থানার মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর ধরে তিন কিলোমিটার সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে। খোয়া বিছিয়ে কাজ অসমাপ্ত রাখায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে শিক্ষার্থী, রোগীসহ প্রতিদিন চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানান। এ সময় সেঞ্চুরি ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ শুভ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফজলুল হক জানান, বিটুমিনের দাম বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা