উখিয়ায় বিপুল পরিমাণ নগদ টাকা ও ইয়াবাসহ অটোরিকশা চালক আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নগদ ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ইয়াবা, একটি অটোরিকশা ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক অটোরিকশা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার রেজুপাড়া বিওপির আওতাধীন বড়বিল এলাকার লেঙ্গুর বিল উচ্চ বিদ্যালয়ের সামনে ৩৪ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম (২৬) নামে ওই ব্যক্তিকে আটক করে। তিনি উত্তর বড়বিল গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহাঙ্গীর আলম ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ সময় তার কাছে থাকা নগদ ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা ইয়াবা বিক্রির অর্থ বলে তিনি জানিয়েছেন।
অভিযানে তার কাছ থেকে ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮ পিস বার্মিজ ইয়াবা, একটি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও কারবার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এনউব