এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১

চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচের সড়কে পড়ে যায়। এ ঘটনায় এক পথচারী মারা গেছেন, আহত হয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়োটা হ্যারিয়ার গাড়িটি পড়ে যায়।
বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা গাড়িটি উপুড় হয়ে থাকা অবস্থা থেকে উল্টান। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভোরের আকাশ/এসএইচ