ঘিওরে মাদক কারবারি স্বামী-স্ত্রী ও পুত্র গ্রেপ্তার, বাড়িতে আগুন

দীর্ঘদিন যাবৎ পরিবারের সবাই মিলে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রী ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর বিক্ষুব্ধ জনতা মাদক কারবারি পরিবারের বসত বাড়ী আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। বুধবার (১৭ জুন সকাল) ১১ টার দিকে ঘিওর উপজেলার গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, কুঠিবাড়ি গ্রামের শামসুল আলম খোকন, স্ত্রী মমতাজ বেগম ও পুত্র রাহিম মিয়া মানিক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আজ সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৬৮ পুরিয়া হেরোইনসহ তাদের আটক করা হয়।
এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় দমকলকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘিওর উপজেলা ফায়ার স্টেশনের টিম লিডার মো. শাহিনুর আলম বলেন, লোক মূখে খবর পেয়ে দুটি টিম আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মানিকগঞ্জের এসপি মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশে ঘিওরে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই