চট্টগ্রামে চাঁদা না পেয়ে হামলা ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনা গ্রেফতার ৯

চট্টগ্রামের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় মূল পরিকল্পনাকারী মাইকেলসহ আরও ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। অভিযানের সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। রোববার (১৯ জুলাই) দুপুরে র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। এর আগে একই ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছিল র্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন— রোহেন মিয়া ওরফে মাইকেল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চকবাজার থানার আওতাধীন ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ‘ডেভিড-ইমন’ পরিচয়ে এক ব্যক্তি। সে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি প্রত্যাখ্যান করলে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল প্রতিষ্ঠানটিতে হামলা চালায়।
হামলাকারীরা রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অফিসের কম্পিউটার, সার্ভার, মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর প্রতিষ্ঠানের ম্যানেজার চকবাজার থানায় মামলা দায়ের করেন। এরপর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব-৭। এর ধারাবাহিকতায় ১৮ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হামলার অন্যতম মূলহোতা ও সংগঠক মাইকেলসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। জব্দ করা চারটি দেশীয় অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা