কেকেবিএইউ-এর মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে শোকসভা ও দোয়া

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ) এর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের ফল-২০২৪ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রৌফান আরা মুমুর মৃত্যুতে বুধবার (১ এপ্রিল) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
তিনি বলেন, সব মুত্যুই শোক ও বেদনার। তবে পিতা-মাতার আগে সন্তানের মৃত্যু অনেক বেশি বেদনাদায়ক। অত্র বিশ্ববিদ্যালয়ের আইএসএলএম বিভাগের শিক্ষার্থী মুমুর মৃত্যুতে তার পিতা-মাতাসহ পরিবারবর্গের সাথে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি আরও বলেন, জগৎ সংসারে ভাল-মন্দ, হাসি-কান্না, পাওয়া না পাওয়া নানা বিষয় থাকে। কিন্তু জীবন সংগ্রামে বা সামনে চলতে গেলে এসব বিষয় মেনে নিয়ে এগোতে হবে। এই বাস্তবতা মানতে পারলে আবেগ প্রলুব্ধ করতে পারবে না। যেকোনো পরিস্থিতি মানিয়ে চলাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ইইই বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোঃ মুঈন উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবুল হাসনাত গোলাম রাব্বি (৩য় বর্ষ, আইএসএলএম বিভাগ)। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আইএসএলএম বিভাগের শিক্ষক আহসান উল্লাহ্।
সভাপতিত্ব করেন আইএসএলএম বিভাগের শিক্ষক ড. মোঃ নূরুল ইসলাম। শোকসভায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/নি