কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

কুড়িগ্রাম জেলার শহরতলির সুজামের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারি।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ২২ বীর ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ডিসকভার মোটরসাইকেলের সাথেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করি। তবে অভিযানের সময় মাদক কারবারি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।’’
তিনি আরও জানান, সেনাবাহিনীর মাদকবিরোধী এবং চাঁদাবাজি বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ//হ.র