নারায়ণগঞ্জে ব্যবসায়ী নাসির হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় ব্যবসায়ী নাসির হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লিংক রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় স্থানীয় ব্যবসায়ী নাসিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৪১ দিন অতিবাহিত হলেও মামলার প্রধান অভিযুক্ত শরীফসহ জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মানববন্ধনে বক্তারা বলেন, “নাসির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”
এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
সড়ক অবরোধের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “নাসির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ভোরের আকাশ/এনউব