গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধায় সদর উপজেলায় খামারে ফাঁদ পেতে রাখা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে আনন্দ কুমার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
নিহত আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে ও স্থানীয় লেংগাবাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও স্বজনরা জানান, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়ার এলাকার তারা মিয়ার একটি মুরগীর খামারে প্রতিদিন শিয়াল এসে ডিম খেয়ে ফেলে।এজন্য তারা মিয়া খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখে, যাতে শিয়াল ডিম খেতে না পারে।এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালে খামারের পাশের রাস্তা দিয়ে আনন্দ কুমার যাওয়ার সময় খামারের নিচে একটি ডিম পড়ে থাকতে দেখতে পায়।ওই ডিমটি আনতে গিয়ে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই অনন্দ কুমার মারা যান।
ভোরের আকাশ/জাআ