কুড়িগ্রামে জোড়া খুনের মামলায় ২০ বছর পর রায়, একজনের যাবজ্জীবন

কুড়িগ্রামের রৌমারীতে আলোচিত জোড়া খুনের মামলায় দীর্ঘ ২০ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে আব্দুল মমিন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চার আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মমিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, আমিনুল ইসলাম, সিদ্দিক, সফিকুল ইসলাম ও আবু বক্করকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তিন বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
খালাসপ্রাপ্ত চার আসামি হলেন মাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, হোসেন আলী ও হাসেন আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন ও তাঁর ভাতিজা খলিলুর রহমান নিহত হন। এ ঘটনায় নিহত জালাল উদ্দিনের ভাই মো. আব্দুর রউফ বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুই দশক পর মামলাটির রায় ঘোষণা করা হলো।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আজিজুর রহমান দুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।
রায়ের প্রতিক্রিয়ায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, দীর্ঘ ২০ বছর পর এ মামলার রায় হয়েছে। এ রায়ে তিনি সন্তুষ্ট।
ভোরের আকাশ/এনএস