এসআরবির অভিযানে ১৪৩১ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ১৪৩১ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন নাটিমা ইউনিয়নের বগা গ্রামস্থ যাদবপুর টু মহেশপুর গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে সিলভার কালারের একটি প্রাইভেটকার থেকে অবৈধ মাদকসহ ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন- বরগুনা জেলার তালতলী থানার অন্তর্গত শারিকখালী গ্রামের মো: রহিম এর ছেলে তানজিল আকন @ ইমরান (২৭)। গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবি এর অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা