খুলনায় নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

খুলনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনার সংসদ সদস্যরা। একই সঙ্গে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিকল্পিত নাশকতার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। খুলনার শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া যাবে না।
বিবৃতিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোথাও সন্দেহজনক তৎপরতা বা নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে বলা হয়। তবে কাউকে সন্দেহ করে হয়রানি না করা, গুজব না ছড়ানো এবং কোনো উসকানিতে পা না দেওয়ারও আহ্বান জানান তারা।
বিবৃতিদাতারা আরও বলেন, খুলনাকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা নাশকতাকারীর কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিদাতারা হলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান প্রমুখ।
ভোরের আকাশ/সু.পা