ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের ঘুসির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিঠুন মিয়া (৩৫) পাকশিমুল পূর্বপাড়া গ্রামের মো. আঙুর মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মিঠুন মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইমরান মিয়ার সাথে সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বাড়িতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ছোট ভাই ইমরান বড় ভাই মিঠুন মিয়ার বুকে ঘুসি মারলে মিঠুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা মিঠুন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ