মাগুরায় রাব্বি হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরায় সাইফুজ্জামান শিখরের ভাই ও গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সাইফুজ্জামান হিশামের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছাত্রদল নেতা রাব্বি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নির্যাতিত জনগণ ও বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুজ্জামান শামিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসু, মারুফ হোসেন মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, গডফাদার খ্যাত সাইফুজ্জামান শিখরের পরিবারের বিরুদ্ধে সাংবাদিক ও সাধারণ মানুষসহ অনেকেই গুম, খুন, লুটপাট ও ভূমি দখলের শিকার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসু বলেন, সাইফুজ্জামান হিশামের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও ছাত্রদল নেতা রাব্বি হত্যার বিচার দ্রুততম সময়ে করতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি- কুখ্যাত সন্ত্রাসী হিশামের সহ তার সকল সহযোগীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বচ্চ শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
ভোরের আকাশ/জাআ