চট্টগ্রামে দুই মিষ্টির দোকানকে ৫ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশ, ইদুর, তেলাপোকা, চিকা, টিকটিকির উপস্থিতি, অনিবন্ধিত উপায়ে অসুস্থ কর্মীদের দিয়ে খাদ্য উৎপাদন, রান্নাঘরে আবর্জনা এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, খাদ্যপন্যে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় বন্দর নগরী চট্টগ্রাম নগরীর জনপ্রিয় বোস ব্রাদার্সকে ৩ লাখ ও রয়েল বাংলা সুইটসকে ২ লাখ টাকাসহ মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নগরীর এনায়েত বাজার ও নন্দনকানন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
অভিযানে রয়েল বাংলা সুইটসে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, অসম্পূর্ণ লেবেলিংসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বোস ব্রাদার্সে অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুর, তেলাপোকা, চিকা, টিকটিকির উপস্থিতি, নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, রান্নাঘরে আবর্জনাসহ বিভিন্ অসঙ্গতির দায়ে ২ লাখ জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, আজকের অভিযানে রয়েল বাংলা সুইটস ও বোস ব্রাদার্সে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/এসএইচ