উখিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কারসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রূপপতি এলাকার মেরিন ড্রাইভ সড়কে, বিজিবি চেকপোস্টের প্রায় ১০০ গজ উত্তরে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
পরে সকাল প্রায় ১১টা ৫৫মিনিটে একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করলে তার দেখিয়ে দেওয়া মতে গাড়ির ড্রাইভিং সিটের নিচ থেকে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. রায়হান (২৭)। তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের অলিয়াবাদ গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, রায়হান দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা, প্রাইভেটকার এবং গ্রেপ্তার ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম