চাঁদপুর সদর হাসপাতালে ছাদের পলেস্তারা পড়ে রোগী আহত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর ওপর ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ওই রোগীর মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের ২৫ নম্বর বেডে এ দুর্ঘটনা ঘটে। আহত রোগীর নাম আবুল খায়ের পাটোয়ারী (৫০)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও গ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও রোগীর স্বজনদের সূত্রে জানা যায়, বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে আবুল খায়ের পাটোয়ারী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ২৫ নম্বর বেডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। দুপুরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ ছাদের পলেস্তারা খসে সরাসরি তাঁর শরীরের ওপর পড়ে। এতে তাঁর মাথা ফেটে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
এ ঘটনায় হাসপাতালের অন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত রোগীকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষুব্ধ স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অবকাঠামো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যথাযথ সংস্কার না হওয়ায় ছাদের পলেস্তারা খসে পড়ার আশঙ্কা ছিল। তাঁদের দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
তাঁরা আরও বলেন, হাসপাতালের ঝুঁকিপূর্ণ ছাদ ও ভবন দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে হাসপাতালের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার পরপরই আহত রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
তিনি আরও জানান, হাসপাতালের যেসব স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেগুলো দ্রুত সংস্কার ও মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা