ফটিকছড়িতে রাবার বাগানে চুরি, ২০০ কেজি রাবারসহ দুইজন আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি দাঁতমারা রাবার বাগান থেকে রাবার চুরির ঘটনা হাতেনাতে প্রতিহত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় প্রায় ২০০ কেজি চোরাই রাবার উদ্ধার ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
বুধবার (২০ আগস্ট) রাতে ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানের ফানোয়ার মাথা ৩২ একর এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, রাবার বাগান আনসার গার্ডের পিসি মো. এমদাদুল হক চুরির খবর পেয়ে বাগানের ম্যানেজার রুহুল আমিনকে বিষয়টি জানান। পরে ম্যানেজারের নির্দেশে পিসি এমদাদুল হকের নেতৃত্বে এপিসি মো. শাহাবুদ্দিন, আনসার সদস্য মো. নূরুল আফছার ও মো. দেলোয়ারকে নিয়ে একটি দল বাগানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি প্রায় ২০০ কেজি রাবার উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব ও নাইম নামে দুই যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
রাবার বাগান কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী অভিযানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে।
পরে আটকের বিষয়টি দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই যুবক ও জব্দ করা ইজিবাইক নিজেদের হেফাজতে নেয়।
২১ আগস্ট ভোররাতে প্রয়োজনীয় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ও জব্দ করা ইজিবাইক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনা তদন্ত করে চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ভোরের আকাশ/জেআ