ছাত্রলীগ-যুবলীগ পরিচয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ এমপি বাচ্চুর

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী কার্যক্রমে নিজেদের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেছেন, শ্রীপুরে যত মাদকাসক্তকে আটক করা হয়েছে, তাঁদের বেশিরভাগই তাঁর দলের নেতাকর্মীরা আটক করতে সহায়তা করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সভাকক্ষ ‘ক্ষণিকা’য় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ফ্যাসিবাদী শাসনামলের বিভিন্ন অপকর্ম ও অপতৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি অংশ মাদক ব্যবসার সঙ্গেও যুক্ত। তাঁর অভিযোগ, শ্রীপুরের মাদক ব্যবসায়ীদের একটি অংশ ছাত্রলীগ ও যুবলীগের পরিচয়ে ব্যবসা নিয়ন্ত্রণ করে। এ ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়ে সংগঠন পরিচালনা করা হয় বলেও তিনি দাবি করেন।
মাদক নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, মাদক ব্যবসার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব। আইনগত কোনো বাধা না থাকলে মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা যেতে পারে। এ কমিটির সদস্যরা মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে প্রশাসনকে তথ্য দেবেন এবং এলাকায় নজরদারি করবেন।
তিনি আরও বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া যেতে পারে। এসব কর্মসূচির মাধ্যমে মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরতে হবে। তবে সমাজে যে পরিবর্তন প্রয়োজন, তা এখনো আসেনি।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্বও যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
ভোরের আকাশ/সু.পা