কক্সবাজারে এমপির বহরের গাড়ির চাপায় শিশু নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খালেদ বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির গাড়ির বহরের পেছনে থাকা ৩ নম্বর গাড়িটি শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িবহরে থাকা শিক্ষক ও সাংবাদিক ফারুক ইকবাল জানান, সংসদ সদস্যের বহরের তিন নম্বর গাড়িটি এই দুর্ঘটনার শিকার হয়। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলেও তিনি জানান। নিহত শিশুটির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এমপির গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ