সিরাজগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজের প্রায় ১৯ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে রাজশাহীর ডুবুরি দল।
সোমবার (২৬ অক্টোবর) সকালে চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত শিক্ষার্থী জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হাসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে।
এনায়েতপুর থানার (ওসি) জাহিদ হাসান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এসময় তারা যমুনা নদীতে গোসলে নামলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান পানিতে তলিয়ে যান। তখন তার বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
তিনি আরো বলেন, এনায়েতপুর থানা পুলিশ, বেলকুচি ফায়ারসার্ভিস দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহনের জন্য এসেছেন।
নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, খবর পেয়ে আমরা চলে এসেছি মরদেহ গ্রহনের জন্য।
এদিকে বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণ মুহূর্তে বিষাদে রূপ নেওয়ায় নিখোঁজ ছাত্রের স্বজনদের মধ্যে চরম শোক নেমে এসেছে। এই ঘটনায় রাতেই সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছেন।
ভোরের আকাশ/সু.পা